প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2026 ইং
ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, আটক স্ত্রী

ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে এক স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই ব্যক্তিকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হানিফ শেখ (৩২) পেশায় কসমেটিক ব্যবসায়ী। তিনি ভাঙ্গা উপজেলার মানিকদি ইউনিয়নের ব্রাক্ষণকান্দা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তার (২০) নগরকান্দা উপজেলার ফুলসূতি গ্রামের নুরুল ইসলাম সরদারের মেয়ে। দম্পতি সম্প্রতি হোগলাডাঙ্গী সদরদী এলাকার একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, সোমবার সকালে হানিফ ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো ব্লেড দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন স্ত্রী। হানিফের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বাড়ির মালিক ও সহকারী ভূমি কর্মকর্তা বদিউজ্জামান বদু জানান, প্রায় এক মাস আগে ওই দম্পতি তার বাড়িতে ভাড়া ওঠেন। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক অশান্তি লেগে থাকত বলে তিনি জানান।
ঘটনার পর স্থানীয়রা সুমাইয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে হেফাজতে নেয়। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সুমাইয়া আক্তার দাবি করেছেন, বিয়ের আগে স্বামীর আগের দুই বিয়ের তথ্য তার কাছে গোপন রাখা হয়েছিল। এছাড়া তিনি অভিযোগ করেন, স্বামী দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন এবং পরকীয়ায় জড়িত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ